৫ ফেব্রুয়ারি ২০২৬, ঢাকা ব্যুরো অফিস- দৈনিক রাঙামাটি
প্রেস বিজ্ঞপ্তি : একক নাটক ‘ভাসানে উজান’ আবারও দর্শকের সামনে সফলভাবে মঞ্চায়িত হলো। গত ২৩ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জ মিলনায়তনে হিরণ কিরণ নাট্যদল, মুন্সীগঞ্জ আয়োজিত ‘হিরণ কিরণ নাট্যোৎসব ২০২৬’ এর অন্যতম আকর্ষণ হিসেবে নাটকটি প্রদর্শিত হয়। পরদিন ২৪ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জ মিলনায়তনে সংশপ্তক নাট্যদল, নারায়ণগঞ্জ আয়োজিত, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে দলের ৩৩ বছর পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী ‘নাট্য মেলা ২০২৬’ এর তৃতীয় দিনে নাটকটির ৭ম দর্শনী অনুষ্ঠিত হয়।
বিশ^খ্যাত লেখক দস্তয়ভস্কির বিখ্যাত ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুন্ড এবং নির্দেশনা দিয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। একক অভিনয়ে মঞ্চ আলোকিত করেন সমকালীন আলোচিত অভিনেতা মো. এরশাদ হাসান। মঞ্চায়ন শেষে হিরণ কিরণ নাট্যদল, মুন্সীগঞ্জ এর পক্ষ থেকে এই গুণী নাট্যশিল্পীকে ‘সেরা অভিনেতা পদক’ প্রদান করা হয়। একইভাবে সংশপ্তক নাট্যদল, নারায়ণগঞ্জ এর পক্ষ থেকেও তাকে ‘নাট্যোৎসব পদক ২০২৬’ প্রদান করা হয়।
‘ভাসানে উজান’ মূলত মানুষের অন্তর্গত নীরবতা, অপরাধবোধ, ভালোবাসা ও একাকিত্বের সূক্ষ্ম দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত এক অন্তর্মুখী মানবিক যাত্রা। একক চরিত্রের ভেতর দিয়েই উন্মোচিত হয় মানুষের জটিল অন্তর্লোক। এখানে সংলাপের চেয়ে অনুভবের ভাষাই প্রধান হয়ে ওঠে; নীরবতাই রূপ নেয় সবচেয়ে শক্তিশালী উচ্চারণে। দুই নাট্যোৎসবেই দর্শকদের মন্ত্রমুগ্ধ হয়ে নাটক উপভোগ করতে দেখা যায়। দেশের প্রাচীনতম নাট্যদল থিয়েটার (বেইলী রোড)-এর সঙ্গে দুই দশকেরও বেশি সময় ধরে নিয়মিত নাট্যচর্চায় যুক্ত থাকা এরশাদ হাসানের সংযত অভিনয়, গভীর অভিব্যক্তি ও নিয়ন্ত্রিত শরীরী ভাষা নাটকটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। এমনটাই মনে করছেন নাট্যপ্রেমীরা। তার অভিনয় দর্শকের ভেতরে এক ধরনের আত্মসংলাপ তৈরি করে, যা নাটক শেষ হওয়ার পরও দীর্ঘ সময় ধরে অনুভূত হয়।
নাট্যপ্রেমীদের বিশ্বাস, জেলা পর্যায়ে এমন নান্দনিক প্রযোজনার নিয়মিত মঞ্চায়ন সম্ভব হলে নাট্যশিল্পীরা যেমন উজ্জীবিত হবেন, তেমনি নাটকের প্রতি দর্শকের আগ্রহও বহুগুণে বৃদ্ধি পাবে।
আপলোড- শামিমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান- দৈনিক রাঙামাটি





























