সেনাবাহিনীর উদ্যোগে নানিয়ারচরে সেলাই প্রশিক্ষণ

20

|| নানিয়ারচর প্রতিনিধি ||

পাহাড়ি-বাঙ্গালি তরুণীদের দক্ষতা উন্নয়নে সেলাই প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন।

রোববার (৪ অক্টোবর) নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর দিক নির্দেশনায় পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় “দর্জি প্রশিক্ষণ-২০২৬” কার্যক্রমের উদ্বোধন করেন, জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম।

এই প্রশিক্ষণের আওতায় পাহাড়ী ও বাঙালি সম্প্রদায়ের মোট ১৬ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণটি ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

আয়োজকেরা জানান, প্রশিক্ষণার্থীদের দর্জি প্রশিক্ষণ বিষয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সেলাই ও কাটিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বর্তমানে বাস্তবমুখী ও হাতে-কলমে দক্ষতার গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব। বিশেষ করে নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে পরিবার ও সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, দর্জি প্রশিক্ষণ একটি বাস্তবমুখী ও কর্মসংস্থানভিত্তিক দক্ষতা। এ প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যতে এটিকে আয়ের উৎস হিসেবে কাজে লাগাতে পারবেন। প্রশিক্ষণ শেষে কেউ নিজস্ব দর্জি প্রতিষ্ঠান গড়ে তুলতে, কেউ উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে এবং অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন বলেও জানান তারা। সকল জনগোষ্ঠীর মধ্য থেকে প্রশিক্ষনার্থীদের অংশগ্রহণের সুযোগ পাওয়ায় পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহাদ্য বজায় রেখে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ নানিয়ারচর গড়ে তোলা সম্ভব বলেও জানান প্রশিক্ষনার্থীরা।

এবিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি জানান, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কল্যাণ ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করছে। নানিয়ারচর জোন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান এই সেনা কর্মকর্তা।