|| নিজস্ব প্রতিবেদক ||
রাঙামাটি জামায়াতের অগ্রসর কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনের ইনচার্জ মাওলানা মুহাম্মদ শাহজাহান।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শিক্ষাশিবিরের উদ্বোধন করেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম। জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশর।
শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম জোনের টিম সদস্য ও সাবেক চট্টগ্রাম উত্তর জেলা আমীর অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম আজাদ এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বায়াতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, বায়াত একজন কর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মাধ্যমে একজন কর্মী আল্লাহর সন্তুষ্টি অর্জন, দ্বীনের পথে অবিচল থাকা এবং ইসলামী আদর্শ বাস্তবায়নে নিজেকে আরও দায়িত্বশীল করার অঙ্গীকার করেন।
তিনি কর্মীদের কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠন, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার পাশাপাশি সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। তিনি বলেন, দ্বীনের পথে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হলে ব্যক্তিগত আমল, নৈতিক চরিত্র ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি গুরুত্ব দিতে হবে।
দুই দিনব্যাপী এ শিক্ষাশিবিরে অগ্রসর কর্মীদের জন্য কুরআন-হাদিসের শিক্ষা, ইসলামী জীবনব্যবস্থা, আত্মগঠন, সাংগঠনিক দায়িত্ব ও কর্মীদের করণীয় বিষয়ে বিভিন্ন সেশন ও আলোচনা অনুষ্ঠিত হয়।























