|| সাইয়্যেদ মোঃ সাখাওয়াত ||
রাঙ্গামাটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডি টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে কাউখালী উপজেলা একাদশকে ৩১-২৪ পয়েন্টে পরাজিত করে প্রথম আসরের ঐতিহাসিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জুরাছড়ি উপজেলা একাদশ।
আজ রবিবার (৪ অক্টোবর) সকালে রাঙ্গামাটি শহরের কুমার সমিত রায় জিমনেসিয়াম হলরুমে এই ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এবং সাবেক শিক্ষা অফিসার অঞ্জলিকা খীসা।
প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, “পাহাড়ের নারীদের খেলাধুলায় এগিয়ে নিতে এই আয়োজন এক নতুন দিগন্তের উন্মোচন করলো। সঠিক চর্চা ও সুযোগ পেলে আমাদের মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও দেশের মুখ উজ্জ্বল করবে। ক্রীড়াঙ্গনের এই ধারাবাহিকতা বজায় রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “প্রমিলা কাবাডি টুর্নামেন্ট কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি পাহাড়ি-বাঙালি মেয়েদের আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির এক দুর্দান্ত মঞ্চ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে।”
উল্লেখ্য, পার্বত্য জেলা রাঙ্গামাটির ১০টি উপজেলা থেকে ১০টি প্রমিলা কাবাডি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ফাইনাল খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
















