জুনিয়র বৃত্তি পরীক্ষায় লেকার্সের অভাবনীয় সাফল্য: ৪৬ জন শিক্ষার্থী পেলেন বৃত্তি

37

।।স্টাফ রিপোর্টার।।

রাঙামাটির স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫-এ এক গৌরবময় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে এ বছর মোট ৪৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভের গৌরব অর্জন করেছে।

ফলাফল অনুযায়ী, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের মোট ৪৬ জন কৃতী শিক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুলে ১৮ জন ও সাধারণ গ্রেডে ২৮ জন বৃত্তি পেয়েছে।

এই অসামান্য অর্জনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম (এইসি) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন। এ সময় শিক্ষার্থীদের মুখরিত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস উৎসবে রূপ নেয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে অধ্যক্ষ বলেন, “এই সাফল্য শিক্ষকবৃন্দের নিরলস প্রচেষ্টা, শিক্ষার্থীদের একাগ্রতা এবং অভিভাবকদের সহযোগিতার ফসল। আমরা প্রত্যাশা করি, আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতেও এই মেধার স্বাক্ষর ধরে রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষার মান ও এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও একাগ্রতা বজায় রাখা জরুরি।