॥ স্টাফ রিপোর্টার ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শান্তি শৃঙ্খলা রক্ষায় গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টরের পক্ষ হতে ৪৬টি প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এই সেক্টরের দায়িত্বধীন তিনটি নির্বাচনী এলাকায় ২৭টি বেইজ ক্যাম্প এর মাধ্যমে উল্লেখিত বিজিবি সদস্যগণ দায়িত্ব পালন করছেন। নির্বাচনী দায়িত্বের পাশাপাশি বিজিবি পাহাড়ের ১৭৭.৭৫ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে বলে জানা গেছে।
বিজিবি রাঙামাটি সেক্টরের পক্ষ হতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাদের দায়িত্বাধীনে মোট ০৩টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে ২৯৯ রাঙামাটি সংসদীয় আসন ছাড়াও ২৮৩ চট্টগ্রাম-৬ (রাউজান) এবং ২৮৪ চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) তাদের দায়িত্বধধীন এলাকার মধ্যে পড়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতেত জানানো হয়, এসব আসনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে ১২টি উপজেলার ৩৬৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ২৭টি বেইজ ক্যাম্প হতে ৪৬টি প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
মোতায়েনকৃত প্লাটুনসমূহ যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহজনক ব্যক্তিদের নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে নির্বাচনী নিরাপত্তায় বডি-অর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে দিবা ও রাত্রিকালীন টহলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা হয়েছে। এছাড়াও সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তর এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে সমন্বিতভাবে দায়িত্ব পালন করা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলাা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ওপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুদৃঢ় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
বিজিবি জানায়, তাদের দায়িত্বপূর্ণ ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি সেক্টর সদর দায়িত্বপূর্ণ ১৭৭.৭৫ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতঃ এ সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্যান্য সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে লক্ষ্যে অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। পাশাপাশি সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে, যাতে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের শৈথিল্য না থাকে।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তার তৎপরতা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি করে চলেছে এবং ভোটগ্রহণ সম্পন্ন হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এর মাধ্যমে জাতিকে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে, এ বিষয়ে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।





























