॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির জেলাপ্রশাসক নাজমা আশরাফী বলেছেন, তথ্য প্রযুক্তি বর্তমান সময়ের শিক্ষার্থীদের জন্য জ্ঞান অর্জনের নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে। প্রযুক্তিকে বিনোদন ও সময় নষ্ট করার অনুসঙ্গ না বানিয়ে একে নিজের জীবন গঠনের কাজে ব্যবহার করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু প্রযুক্তি নয়, এখন শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ যতটা উন্নত, এ অবস্থায়ও যদি তারা ভালো করতে না পারে তবে জাতির দুর্ভাগ্য বলতে হবে। তিনি আগামী দিনে দেশ গঠনে যোগ্য ভূমিকা রাখার লক্ষ্যে শিক্ষার্থীদের পরিশ্রম, অধ্যাবসায় এবং নৈতিক মানদন্ডে যোগ্যতর হওয়ার প্রতিযোগীতা করার আহ্বান জানান।
রাঙামাটি শহরের ঐতিহ্যবাহী শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলার জেলাপ্রশাসক মিজ নাজমা আশরাফী উপরোক্ত বক্তব্য রাখেন।
বুধবার (২৪ জুন) সকাল ১১ টায় শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এর আগে জেলাপ্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলার সরকারি কৌশলী (জিপি) এডভোকেট মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার আব্দুর রাকিব পিপিএম।
অতিথিগণ বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তারা।
এসময় শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাক্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্ককার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।































