রাঙামাটি জেলা পুষ্টি সমন্বয় কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত

35

॥ স্টাফ রিপোর্টার ॥

জেলা পর্যায়ে পুষ্টি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে রাঙামাটি জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির জেলাপ্রশাসক ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মিজ নাজমা আশরাফী।

সভায় পার্বত্য তিন জেলায় পুষ্টি পরিস্থিতির উন্নয়ন, সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য গ্রহণ নিশ্চিতকরণ এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্যের সহজলভ্যতা বৃদ্ধির জন্য করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন উপজেলার পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করা হয়।

রাঙামাটির স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্ এর আয়োজনে পুষ্টি সমন্বয় কমিটির এ সভা সঞ্চালনা করেন রাঙামাটি জেলার সিভিল সার্জন ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ নুয়েন খীসা।

সভায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, মৎস্য বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, সাংবাদিক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, স্থানীয় বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল দাতা সংস্থার প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।

পুষ্টি সমন্বয় কমিটির এ সভায় রাঙামাটি জেলার তিনটি উপজেলায় পুষ্টি কার্যক্রম ত্বরান্বিত ও জোরদার করার লক্ষ্যে ‘আশিকা’ পরিচালিত পিআরএলসি প্রকল্পের অর্জন ও অগ্রগতি তুলে ধরা হয়। ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়নাধীন “অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা (পিআরএলসি)” প্রকল্পের আওতায় স্থানীয় উন্নয়ন সহযোগী সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস, টংগ্যা, প্রোগ্রেসিভ এবং হিল ফ্লাওয়ার এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

প্রকল্পের আওতায় পুষ্টি বিষয়ক বিভিন্ন কার্যক্রমের গৃহীত পদক্ষেপ, অর্জিত অগ্রগতি এবং বাস্তবায়নকালীন চ্যালেঞ্জসমূহ উপস্থাপন করা হয়। সভায় প্রকল্পের সার্বিক অগ্রগতি, প্রকল্প থেকে প্রাপ্ত অভিজ্ঞতা, সীমাবদ্ধতাসমূহ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী বিধান চাকমা। মানুষের জন্য ফাউন্ডেশন সংস্থার প্রতিনিধি ও প্রকল্প সমন্বয়কারী নিখিল চাকমা বিভিন্ন চ্যলেঞ্জসমূহ তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব নাজমা আশরাফি অপুষ্টি প্রতিরোধ ও পুষ্টি উন্নয়নে সকল সরকারি-বেসরকারি দপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “পুষ্টি উন্নয়নে মাঠ পর্যায়ের কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং পুষ্টি বিষয়ক সচেতনতামূলক উদ্যোগগুলোকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।” পাশাপাশি তিনি জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা নিয়মিত আয়োজন এবং গৃহীত সিদ্ধান্তসমূহের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।