১ নভেম্বর ২০২১, ঢাকা ব্যুরো অফিস, দৈনিক রাঙামাটি।
প্রেস বিজ্ঞপ্তি: “নীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গণমাধ্যম ও তরুণদের একটি শক্তিশালী প্রভাব রয়েছে, তাই একশনএইড বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে গণমাধ্যম ও তরুণদের সাথে নিয়েই এগিয়ে চলেছে। নীতি নির্ধারণের ক্ষেত্রে তরুণদের এজেন্ডাগুলো তুলে ধরার ক্ষেত্রে এবং অবদান রাখার জন্য তরুণ সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। তরুণ সাংবাদিকরা পরিবর্তনের কারিগর।” রোববার (৩১ অক্টোবর, ২০২১) ঢাকায় একশনএইড বাংলাদেশ আয়োজিত ‘‘একশনএইড ইয়াং জার্নালিস্ট মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
ড. হাছান মাহমুদ আরও বলেন, “সাংবাদিক, সংবাদ পাঠক এবং মিডিয়া হাউসের মালিকদের অবশ্যই সুনির্দিষ্ট জোরদার এবং যুৎসই সাংবাদিকতার দিকে মনোনিবেশ করতে হবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য দায়িত্বশীল সাংবাদিকতা ও টেকসই মিডিয়া শিল্পের দায়িত্ব নিতে হবে।” তৃতীয় নয়ন দিয়ে একজন সাংবাদিক সমাজকে পথ দেখাতে পারে। যারা দায়িত্বে নিয়োজিত অথচ যেকোন সংকটে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে সকল বিষয় উন্মোচন করে সাংবাদিক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো। সমাজে এমন অনেক জনগোষ্ঠী আছে যাদের কথা কেউ ভাবে না, যাদের অধিকারের কথা বলতে পারে না সেখানে সাংবাদিক সাহস যোগাায়, স্বপ্ন দেখায় ও অধিকারের কথা বলে। তিনি এবছর ‘‘একশনএইড ইয়াং জার্নালিস্ট মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১” প্রাপ্ত তরুণ সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে তাদেরকে মানসম্পন্ন রিপোর্টিং এবং অনুসন্ধানী সংবাদিকতার দিকে নজর দেওয়ার কথা বলেন। তাছাড়া সংবাদপত্রে শিশুদের জন্য বিশেষ পাতার আয়োজনের পাশাপাশি রাষ্ট্র, সমাজ, সরকার যেদিকে নজর দেয় না সেসব বিষয়গুলিকে তুলে ধরার জন্য আহবান জানান।
এ বছর ‘একশনএইড ইয়াং জার্নালিস্ট মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ প্রাপ্ত তিনজন তরুণ সাংবাদিক হলেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)র সাংবাদিক মো. ইকবাল হোসেন ‘সামাজিক রুপান্তরে যুব নেতৃত্ব’ বিভাগে, দ্য ঢাকা অ্যাপোলগের ডেপুটি ম্যানেজিং এডিটর মিফতাহুল জান্নাত ‘যুব সংবেদনশীল জবাবদিহিতামূলক জনসেবা’ বিভাগে এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মো. শরফুল আলমকে ‘যুবদের জন্য অর্থনৈতিক সুযোগ এবং শোভন কাজ’ বিভাগে প্রাসঙ্গিক ও গভীর প্রতিবেদনের জন্য পুরস্কৃত করা হয়। অন্যদিকে নিউজ ২৪’র সাংবাদিক বাবু কামরুজ্জামান, ডেইলি স্টারের সাংবাদিক নীলিমা জাহান, দৈনিক যুগান্তর’র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক এম ইউসুফ আলী, আইপিনিউজ বিডি’র প্রধান প্রতিবেদক সতেজ চাকমা যথাক্রমে ফেলোশিপ প্রদান করা হয়।
সাবেক প্রধান তথ্য কমিশনার ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দ্য ঢাকা অ্যাপোলগের ডেপুটি ম্যানেজিং এডিটর মিফতাহুল জান্নাত, দৈনিক প্রথম আলোর যুব কার্যক্রম ও ইভেন্টস বিভাগের প্রধান এ. এ. মুনির হাসান, নিউজ ২৪ চ্যানেলের সিনিয়র বার্তা সম্পাদক বোরহানুল হক সম্রাট ইউএনডিপির কান্ট্রি ইকোনমিস্ট ডা. নাজনীন আহমেদ।
একশনএইড বাংলাদেশ’র ম্যানেজার নাজমুল আহসান জানান, সামাজিক ন্যায়বিচারের ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের পক্ষে কাজ করছে সংস্থাটি। সামাজিক অগ্রগতির জন্য তরুণদের সাথে নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের সাথে ব্যাপক সম্পৃক্ততা ও যুব নেতৃত্ব সৃষ্টিতেও কাজ করছে একশনএইড বাংলাদেশ। এই ধারাবাহিকতায় তরুণ সাংবাদিকদের অবদানকে অনুপ্রাণিত ও স্বীকৃতি দিতে ‘একশনএইড ইয়াং জার্নালিস্ট মিডিয়া অ্যাওয়ার্ড’ উদ্যোগটি গ্রহণ কর হয়।
বার্তা প্রেরক- গোলাম মোহতামীম নাঈম
কমিউনিকেশন অফিসার, একশনএইড বাংলাদেশ
সম্পাদনা- শামীমুল আহসান
ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি।




























