॥ স্টাফ রিপোর্টার ্॥
‘প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার’ এবং ‘থাকবো ভালো রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়ে গড়ব বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও রাঙামাটি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে টিটিসি অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলাপ্রশাসক নাজমা আশরাফী। রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ও রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাঙামাটি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক হামিদুল হক।
কম্পিউটার আইটি এবং আরএসি (আরএসি) বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী জাফর খানের সঞ্চালনায় সেমিনারে বক্তারা নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের গুরুত্ব তুলে ধরেন। দক্ষ কর্মী হয়ে বিদেশে যাওয়ার সুফল এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য প্রবাসী এবং প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক বাজারে দক্ষ কর্মীর চাহিদা দিন দিন বাড়ছে। তাই সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে এবং বৈধ প্রক্রিয়া মেনে বিদেশ গেলে প্রবাসী বাংলাদেশীরা একদিকে যেমন নিজেদের অধিকার সুরক্ষিত করতে পারবেন, অন্যদিকে দেশের অর্থনৈতিক ভিতকেও আরও মজবুত করতে অবদান রাখতে পারবেন। অনুষ্ঠানে রাঙামাটি টিটিসি-র বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।






























