|| রাজস্থলী প্রতিনিধি ||
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধ, হয়রানি ও সামাজিক অস্থিরতাসহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন মিজানুর রহমান প্রিন্স, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস গাজী, তালিব হোসেন, আওয়াল হোসেন, জুলহাস সিকদার ও মাসুদুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা স্থানীয় দুই ব্যক্তি রিয়াজ উদ্দিন রানা ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে জমি-সংক্রান্ত বিরোধ, সাধারণ মানুষকে হয়রানি, সামাজিক বিভেদ সৃষ্টি এবং কবরস্থান ও মসজিদকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির অভিযোগ তুলে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তারা বলেন, কর্মসূচির উদ্দেশ্য কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়; বরং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। একই সঙ্গে এলাকায় শান্তি, সম্প্রীতি ও মানুষের নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।
এ বিষয়ে মো. রিয়াজ উদ্দিন রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “কবরস্থানের গাছ বিক্রি এবং একটি মসজিদের নামে সরকারি-বেসরকারি অনুদান আত্মসাতের অভিযোগ নিয়ে আমি সংবাদ প্রকাশ করেছিলাম। ওই সংবাদ প্রকাশের পর থেকে আমার পরিবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার বাড়িঘর ও জায়গা দখলের অভিযোগ রয়েছে এবং আমার ভাই ও ভাতিজাকে মারধরের ঘটনাও ঘটেছে। এখন উল্টো আমার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। আমি বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানাই এবং প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানাই।”
স্থানীয়দের মতে, শফিপুরের দীর্ঘদিনের শান্তিপূর্ণ পরিবেশ ও সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সব পক্ষের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণই বর্তমান পরিস্থিতি সমাধানের সবচেয়ে কার্যকর পথ।































