বাঘাইছড়িতে মেঘের রাজ্যে বর্ণিল উৎসব: সাজেকে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

16

|| সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি ||

পাহাড়ের বুকে মেঘের খেলা, আর সেই মেঘের রাজ্য সেজেছে নতুন সাজে। ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দেশের অন্যতম প্রধান পর্যটন নগরী ও মেঘের রাজ্য খ্যাত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০২৬।

দিবসটি উপলক্ষে সকাল থেকেই সাজেকের পাহাড়ি জনপদ মুখরিত হয়ে ওঠে। আয়োজনে ছিল বর্ণাঢ্য রোড শো, পর্যটনবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি, পাহাড়ের ঐতিহ্যবাহী খাবারের উৎসব এবং আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব দীপেন তালুকদার দিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী সহ রাঙামাটি জেলা, বাঘাইছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় জনগণ, পর্যটক, হোটেল-রিসোর্ট মালিক ও সাংবাদিকরা অংশ নেন। মেঘ, পাহাড় আর প্রকৃতির মাঝে এমন উৎসবে মুগ্ধ হন আগত পর্যটকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাজেকের পর্যটন সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরতে সরকারের পাশাপাশি স্থানীয় সকলকে একসাথে কাজ করতে হবে। পাহাড়ের ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি ও প্রকৃতিকে ঘিরেই গড়ে উঠতে পারে টেকসই পর্যটন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাজেক শুধু রাঙামাটির নয়, পুরো বাংলাদেশের গর্ব। এই পর্যটন শিল্পকে টিকিয়ে রাখতে হলে পরিবেশ রক্ষা করতে হবে, স্থানীয়দের সম্পৃক্ত করতে হবে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।