|| নানিয়ারচর প্রতিনিধি ||
রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরিপাড়ায় পৌঁছেছে ট্র্যোমান খীসার মরদেহ।
সোমবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সঙ্গে তাঁর মরদেহ এলাকায় পৌঁছালে স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এ সময় বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে ট্র্যোমান খীসাকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর নৌ কর্মকর্তা ও নৌসেনারা উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলার সাবেক চেয়ারম্যান অমর জীবন চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমাসহ স্থানীয় হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ট্র্যোমান খীসার মরদেহ এলাকায় পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে রামহরিপাড়ায় স্বজন ও এলাকাবাসীর ভিড় বাড়তে থাকে। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে এসে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। পুরো এলাকায় নেমে আসে শোকের আবহ।
স্থানীয়রা জানান, ট্র্যোমান খীসার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।
এদিকে নৌবাহিনীর গার্ড অব অনার শেষে অবসরপ্রাপ্ত সশত্রবাহিনী কল্যাণ পরিষদ, মহাপূরম উচ্চ বিদ্যালয় ও নৌবাহিনীতে কর্মরত পাহাড়ের সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।






















