দুর্গম পাহাড়ে ৫৪ বিজিবির মানবিক ছোঁয়া, ৮০ জন পাহাড়ির মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

33

|| সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি ||

সীমান্ত সুরক্ষার কঠিন দায়িত্বের পাশাপাশি দুর্গম পাহাড়ের পিছিয়ে পড়া মানুষের সেবায় আবারও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।

গত ০২ অক্টোবর ২০২৬ তারিখে বাঘাইহাট ব্যাটালিয়নের সুযোগ্য অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক এর সার্বিক দিক-নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসান ইমাম, এএমসি শিয়ালদহপাড়া বিওপির দায়িত্বপূর্ণ অতি দুর্গম পাহাড়ি এলাকায় দিনব্যাপী এই মানবিক মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন।

এই ক্যাম্পেইনে চিকিৎসা সেবা বঞ্চিত, জটিল ও পুরাতন রোগে আক্রান্ত মোট ৮০ জন স্থানীয় দরিদ্র পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। সেবা গ্রহীতাদের মধ্যে ছিলেন ৪০ জন শিশু, ২৩ জন পুরুষ এবং ১৭ জন নারী।

চিকিৎসা সেবা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অলকা রানী, ভূমিকা ত্রিপুরা, থাইমন্টি ত্রিপুরা, মনির ত্রিপুরা, ডিমন্টি ত্রিপুরা (১১), ভূমির ত্রিপুরা (১৫) সহ অনেকে।

এ সময় বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক বলেন, বিজিবির দায়িত্ব শুধু সীমান্ত পাহারা দেওয়া নয়, সীমান্তের মানুষের সুখে-দুঃখে পাশে থাকাও আমাদের পবিত্র দায়িত্ব। দুর্গম পাহাড়ের এই মানুষগুলো চিকিৎসা সেবা থেকে অনেক দূরে। তাদের মুখে একটু হাসি ফোটাতে পারলেই আমাদের এই আয়োজন সার্থক। সীমান্তের মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান উন্নয়নে বিজিবির এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।