শিক্ষকদের মানহানীর প্রতিবাদে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

17

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়ে ষড়যন্ত্র, শিক্ষকদের মানহানি এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

বুধবার (৬ মে) রাবিপ্রবি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। শান্তিপূর্ণভাবে পালিত উক্ত কর্মসূচিতে ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের মর্যাদা অক্ষুন্ন রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন এবং শিক্ষার পরিবেশ রক্ষার দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষকদের নিয়ে অযাচিত ও অসম্মানজনক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ সময় শিক্ষার্থী সাইদুল ইসলাম আফজাল বলেন, “ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়ার আগে সবাইকে আরও সচেতন ও সাবধান থাকা উচিত।” তিনি শিক্ষকদের প্রতি সম্মান বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।

এ দিকে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমানে দায়িত্বে রত সুযোগ্য উপাচার্য যেমন প্রশাসনিক কাজে দক্ষ, তেমনি তার একাডেমিক ক্যারিয়ার অতুলনীয়, কিন্তু এমন একজন যোগ্যতর ভিসিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে একটি মহল। শিক্ষার্থীরা দাবি করেন, এই ভিসি আসার পর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক শৃঙ্খলায় বিশ্ববিদ্যালয় যে অবস্থানে পৌঁছেছে, গত ১৬ বছরে তার সিকিভাগও এগোয়নি। কিন্তু পাহাড়ের রাজনীতির অপরিনামদর্শি য়ড়যন্ত্রের ক্রিড়ানক হয়ে এবং শিক্ষক পলিটিক্সের ঘৃণ্য য়ড়যন্ত্রে একদল বিভ্রান্ত শিক্ষার্থী ভিসিকে বিতর্কিত করার চেষ্টা করছে। আর এতে ইন্দন দিচ্ছে দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদাররা।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়কে সঠিক পথে রাখতে প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীরা যে কোনো ধরণের য়ড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।