রাবিপ্রবিতে যোগদান করেছেন নবনিযুক্ত ভিসি ড.জয়নুল আবেদীন

40

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম ভাইস-চ্যান্সেলর হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কেমিস্ট্রি এর অধ্যাপক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ড. জয়নুল আবেদীন সিদ্দিকী মহোদয় সোমবার (১৮ মে) রাবিপ্রবি’র কর্মস্থলে যোগদান করেছেন।

এ সময় নব নিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে সকল অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানগণসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রথম দিনেই তিনি তার দপ্তরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমের চলমান অগ্রগতি বিষয়ে সকল অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

এসময় ভাইস চ্যান্সেলর মহোদয় এ বিশ্ববিদ্যালয়কে বর্তমান অবস্থানে উন্নীত করার জন্য ইতোপূর্বের সকলের অবদানকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ের চ্যালেঞ্জসমূহ জানতে চাইলে অনুষদের ডিন ও চেয়ারম্যানগণ তাদের স্ব-স্ব অনুষদ ও বিভাগের সামগ্রিক চিত্র তুলে ধরেন এবং সমস্যা ও করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।

ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী জাপান সরকারের মনবুশো স্কলারশিপ নিয়ে কজত বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে পোস্ট ডক্টরাল এবং ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ১৯৯০ সালে স্নাতক কৃতিত্বের সাথে সম্পন্ন করেন।

পেশাগত জীবনে তিনি জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে টিচিং অ্যাসিসটেন্ট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও খন্ডকালীন শিক্ষক হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এবং ভিজিটিং প্রফেসর হিসেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিল, প্ল্যানিং কমিটি, সিলেকশন কমিটি, হল প্রভোস্ট এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিলেকশন কমিটিতে এক্সপার্ট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রিভিউ কমিটির এক্সপার্ট মেম্বার হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘ভৌত বিজ্ঞান বিষয়ক গবেষণা অনুদান’ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ‘একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ)’ গবেষণা প্রকল্প পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।