|| নিজস্ব প্রতিবেদক ||
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে বিশ্ব ট্যুরিজম দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এবারের বিশ্ব ট্যুরিজম দিবসের প্রতিপাদ্য বিষয় ‘Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism’ এর আলোকে রাবিপ্রবি’র ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের উদ্যোগে আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ রোজ রবিবার সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর প্রাঙ্গণে বিশ্ব ট্যুরিজম দিবসের বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। শিক্ষক-শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোষাক ও অলংকার পরিধান এবং বিভিন্ন প্লেকার্ড ফ্যাস্টুন প্রদর্শনের মাধ্যমে র্যালিটিকে প্রাণবন্ত করে তোলেন।
আলোচনা অনুষ্ঠানের পূর্বে এ দিবস উপলক্ষ্যে কেক কাটা হয় এবং ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়। ফুড ফ্যাস্টিভ্যালের আয়োজনও করা হয়। এছাড়া ট্যুরিজমের বাস্তবতা, সাংস্কৃতিক-প্রাকৃতিক পরিবেশ, এ শিল্পের বিকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ক তথচিত্র প্রদর্শন করেন বিভাগীয় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীগণ।
বিশ্ব ট্যুরিজম দিবস-২০২৬ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রথমেই এ আয়োজনের জন্য ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগকে ধন্যবাদ জানান এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের প্রর্দশিত তথ্যচিত্র, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় যে সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন ফুটিয়ে তোলা হয়েছে তা বাংলাদেশ ছাড়িয়ে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে সে আশাবাদ ব্যক্ত করেন। তিনি টিএইচএম বিভাগের শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিজে ইতোমধ্যে প্রদর্শিত কৃতিত্বে সন্তোষ প্রকাশ করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে ইকো ট্যুরিজম বিকাশে এবং পার্বত্য চট্টগ্রামে পর্যটন ব্যবসায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের সকল বাধা-বিপত্তি কাটিয়ে পর্যটকদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি ও পর্যটনের বিকাশে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্তকরণ ও তাদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়াও রাবিপ্রবি ক্যাম্পাসে টিএইচএম বিভাগের নেতৃত্বে একটি ইকো-ট্যুরিজম হাব প্রতিষ্ঠা করার বিষয়ে বিভাগের শিক্ষকদের দৃষ্টি আর্কষণ করেন; যা বিশ্ববিদ্যালয়ের জন্য ভবিষ্যতে আয় বৃদ্ধির একটি অন্যতম উৎস হতে পারে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পর্যটন শিল্পের বিকাশে টিএইচএম বিভাগের সাথে সকল বিভাগের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সম্মান অক্ষুণ্ণ ও বৃদ্ধির লক্ষ্যে কাজ করার পাশাপাশি দেশের উন্নয়নে দায়িত্ব পালনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন ও ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ রাংগামাটির প্রেসিডেন্ট জনাব বাদশা ফয়সাল উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জনাব মোসা. হাবিবা। আলোচনা সভায় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব খোকনেশ্বর ত্রিপুরা স্বাগত বক্তব্য প্রদান করেন এবং বিভাগের একাডেমিক, গবেষণা ও এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিজে ইতোপূর্বের অর্জনসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ অতিথিগণ শিক্ষার্থীদের উৎসাহ-অনুপ্রেরণা, ট্যুরিজমের বাস্তবতা ও দিবসটির প্রতিপাদ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও দিক-নির্দেশনা প্রদান করেন।
বিশ্ব ট্যুরিজম দিবস-২০২৬ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ভিডিও (তথ্যচিত্র) প্রদর্শন প্রতিযোগিতা, ফুড ফ্যাস্টিভাল, গেমস প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে টিএইচএম বিভাগের প্রতিটি ব্যাচ ট্যুরিজমের বিভিন্ন থিম নিয়ে তথ্যচিত্র কম্পিটিশনে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিভাগের ৫ম ও ১ম ব্যাচ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএইচএম বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ ইফতু ও অমি দাশ সন্তু।
বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।





















