সেনা রিজিয়নের আয়োজনে পার্বত্য চট্টগ্রামে বেকার যুবসমাজকে আধুনিক কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দেয়া হচ্ছে

19

|| কবির হোসেন, কাপ্তাই ||

রাঙামাটি সেনা রিজিয়নের আয়োজনে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনসাধারণের কল্যাণে ‘শান্তি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, স্থানীয় পাহাড়ি বেকার যুবক-যুবতীদের আধুনিক কারিগরি দক্ষতা গড়ে তোলার লক্ষ্যে এসি ও ফ্রিজ মেরামত প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে যন্ত্রাংশের পরিচিতি, বৈদ্যুতিক সংযোগ, কম্প্রেসর, কনডেনসার, ইভাপোরেটর, থার্মোস্ট্যাট এবং রেফ্রিজারেন্ট ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা প্রদান করা হচ্ছে।

এ ছাড়া গ্যাস চার্জিং, গ্যাস লিকেজ শনাক্তকরণ, সার্ভিসিং, ত্রুটি নির্ণয় ও মেরামতসহ এসি ও ফ্রিজ রক্ষণাবেক্ষণের বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখানো হচ্ছে। এর মাধ্যমে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই মূল লক্ষ্য।

১১ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ উদ্যোগে এসি ও ফ্রিজ মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

প্রশিক্ষণটি ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শুরু হয়েছে এবং ১ অক্টোবর ২০২৬ তারিখে সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

ব্যাটালিয়নের পক্ষ থেকে আরও জানানো হয়, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় জনগোষ্ঠীর কারিগরি দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।