||কাপ্তাই প্রতিনিধি||
রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) ইউনিটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় এলপিসি ইউনিটের প্রধান কার্যালয়ে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎপাদন কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ও করাতকল ইউনিটের সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই এলপিসি জামে মসজিদের ইমাম মুফতি আনোয়ার হোসেন সাইফী। এছাড়াও বক্তব্য দেন এলপিসি ইউনিটের সহ-ব্যবস্থাপক (হিসাব) বিলাশ কুমার বিশ্বাস, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আল আমিন এবং সাধারণ সম্পাদক মো. শাহিন।
এসময় এলপিসি ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায় বলেন, “সকলকে মিলেমিশে কাজ করে কারখানার উৎপাদন বৃদ্ধি করতে হবে, দেশের সেবায় এগিয়ে আসতে হবে এবং এলপিসির উন্নয়ন ও কল্যাণের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে হবে।”
পরে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





























