রাবিপ্রবি’তে Australia Awards Scholarship বিষয়ক Information Session অনুষ্ঠিত

12
রাবিপ্রবি’তে Australia Awards Scholarship বিষয়ক Information Session অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) আয়োজনে এবং Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ক একটি Information Session অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে এ সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Australia Awards Bangladesh-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইসরাত আরা ইসলাম এবং প্রোগ্রাম অফিসার হৃদিতা দেওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির।

সেশনটি সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ঋষিতা চাকমা এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রভাষক ইসরাত জাহান সোনম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা। তিনি রাবিপ্রবির Australia Awards অ্যালামনাইদের পরিচয় তুলে ধরে ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয় থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক এ স্কলারশিপ অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী Australia Awards Bangladesh-কে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের ইনফরমেশন সেশন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উচ্চশিক্ষা অর্জন এবং পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৮ সালে Australia Awards Scholarship-এর আওতায় রাবিপ্রবি থেকে একাধিক আবেদনকারী নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করবে। একই সঙ্গে তিনি অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা ব্যবস্থার বিষয়ে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইসরাত আরা ইসলাম Australia Awards Scholarship-এর সুযোগ-সুবিধা, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, ২০২৮ সালের জন্য আবেদনকারীদের প্রস্তুতির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি তিনি অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও তথ্য উপস্থাপন করেন।

প্রোগ্রাম অফিসার হৃদিতা দেওয়ান স্কলারশিপটির পটভূমি ও ইতিহাস তুলে ধরে আবেদনকারীদের জন্য কর্ম-অভিজ্ঞতা, ইংরেজি ভাষার দক্ষতা এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির বলেন, এ ধরনের আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে Australia Awards Scholarship অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন বিভাগের মাস্টার্স এবং অনার্স চতুর্থ বর্ষের প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।