চিৎমরমে বিএনপির কর্মীর ওপর বিএনপিরই প্রতিপক্ষ গ্রুপের হামলার অভিযোগ

28

|| কাপ্তাই প্রতিনিধি ||

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে সরকারের লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপির এক কর্মীর ওপর বিএনপিরই প্রতিপক্ষ গ্রুপের হামলার অভিযোগ উঠেছে। এতে কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য ও চিৎমরম ইউনিয়ন যুববিষয়ক সম্পাদক নাজমুল হক (৩৫) গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকাল ১১টার দিকে চিৎমরম বাজারে বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারের দেওয়া ‘গ্যাস খাতের সংকট উৎস থেকে উত্তরণের পথে সরকার’ শীর্ষক লিফলেট বিতরণ করছিলেন। এ সময় বিএনপির অভ্যন্তরীণ প্রতিপক্ষ হিসেবে পরিচিত একটি গ্রুপ তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন, লিফলেট বিতরণের সময় উবাচিং মারমার নেতৃত্বে একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়। হামলায় নাজমুল হককে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ সময় হামলাকারীরা নাজমুল হকের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপির কাপ্তাই প্রতিনিধি মংসুইপ্রু মারমা বলেন, সরকারের দেওয়া লিফলেট বিতরণের সময় প্রতিপক্ষের একটি গ্রুপ হামলা চালায়। এতে তাদের একজন কর্মী গুরুতর আহত হয়েছেন এবং তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ বিষয়ে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

ঘটনাকে কেন্দ্র করে চিৎমরম এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।