রাঙামাটিতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

13

|| নিজস্ব প্রতিবেদক ||

“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬’।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা, মাদক ও কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের বিজ্ঞ জি.পি. ও কমিউনিটি পুলিশিং-এর সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম।

আয়োজক সূত্রে জানা যায়, রাঙামাটির ১০টি উপজেলার নিজ নিজ থানার প্রতিনিধিত্বকারী অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগে মোট ২০টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কাবাডি শুধু একটি ঐতিহ্যবাহী খেলাই নয়; বরং শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতার চর্চার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা সম্ভব।