|| মাহাদী বিন সুলতান ||
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ও বাঙালি যুবসমাজের বাস্তবমুখী কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তোলা, আত্মনির্ভরশীলতা অর্জন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচর জোনের উদ্যোগে আয়োজিত দুই সপ্তাহব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কোর্সটি সফলভাবে সমাপ্ত হওয়ায় সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচর জোন লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি এর দিকনির্দেশনায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করেন, নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার লক্ষ্যে প্রশিক্ষণের শুরুতেই প্রত্যেক প্রশিক্ষণার্থীর মাঝে প্রয়োজনীয় মোবাইল সার্ভিসিং টুলস প্রদান করা হয়। ফলে প্রশিক্ষণার্থিগণ উক্ত টুলস ব্যবহার করে হাতেখলমে মোবাইল সার্ভিসিং এর বিভিন্ন বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পায় এবং সফলভাবে প্রশিক্ষণটি সম্পন্ন করে।
প্রশিক্ষনার্থীরা জানায়, এ প্রশিক্ষণে র মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পথ সুগম হয়েছে। পাশাপাশি অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় মোবাইল ফোন সার্ভিসিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে বলেও আশা ব্যক্ত করেন তারা।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি জানান, প্রশিক্ষণার্থীদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলাই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীদের নিজের ও পরিবারের আর্থিক উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে বলে আশা করা হয়। পার্বত্য অঞ্চলের যুবসমাজকে দক্ষ, কর্মঠ ও আত্মনির্ভরশীল জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এই সেনা কর্মকর্তা।
এ সময় প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট প্রশিক্ষক, আয়োজক এবং অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।



























