|| সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি ||
রাঙামাটির সাজেকের দুর্গম পাহাড়ে আবারও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।
বাঘাইহাট সেনা জোনের মানবিক সহায়তা ও উদ্যোগে চট্টগ্রামের লায়ন্স হাসপাতালে চক্ষু চিকিৎসা ও অপারেশন সম্পন্ন করা ১৭ জন পাহাড়ি ও বাঙালি রোগী সফল চিকিৎসা শেষে সাজেকে ফিরে এসেছেন।
জানা গেছে, সাজেকের দুর্গম এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সেনা জোনের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। সেনা জোনের নিজস্ব অর্থায়নে চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের চিহ্নিত করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের লায়ন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চক্ষু অপারেশন সম্পন্ন করা হয়।
চিকিৎসা শেষে রোগীরা সুস্থ ও নিরাপদে সাজেকে ফিরে আসেন। এ সময় রোগী ও তাদের স্বজনরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহযোগিতা করায় বাঘাইহাট সেনা জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।






























