বাঘাইছড়িতে আকস্মিক তুফানে লেয়ার মুরগির খামার ধ্বস, নিঃস্ব খামারি সফিউল আলম

60

|| সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি ||

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গতকাল সন্ধ্যার আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে একটি লেয়ার মুরগির খামার। এতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন খামারি মো. সফিউল আলম।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় হঠাৎ শুরু হওয়া দমকা হাওয়া ও তুফানে উপজেলার পূর্ব লাইল্যাঘোনা এলাকার সফিউল আলমের দীর্ঘদিনের তিলে তিলে গড়ে তোলা লেয়ার মুরগির খামারটি সম্পূর্ণভাবে ধ্বসে পড়ে। ঝড়ের তীব্রতায় টিনের চালা উড়ে যায় এবং খামারের কাঠামো ভেঙে মাটির সাথে মিশে যায়।

এতে খামারে থাকা হাজার হাজার লেয়ার মুরগি চাপা পড়ে মারা গেছে বলে জানিয়েছেন খামারি। খামারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত খামারিকে সরকারি ও বেসরকারিভাবে আর্থিক সহায়তা প্রদানের জন্য উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কাছে জোর দাবি জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত খামারি সফিউল আলম বলেন, এই খামারই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। ঋণ নিয়ে খামারটা করেছিলাম। সন্ধ্যার ঝড়ে সব শেষ হয়ে গেল। এখন আমি নিঃস্ব।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।