|| নিজস্ব প্রতিবেদক ||
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও এগ্রিকালচারাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কর্মসূচির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন সরকারের নির্দেশনা, কর্মসূচির প্রয়োজনীয়তা ও উপযোগিতা তুলে ধরে জানান, আগামী তিন মাসব্যাপী এ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতার কোনো বিকল্প নেই। শুধু নির্দিষ্ট সময়ের কর্মসূচি নয়, বরং নিয়মিতভাবে ক্যাম্পাসের প্রতিটি ভবন ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে এ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাবিপ্রবি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত পরিবেশে পরিণত করে একটি দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও শিক্ষার্থীদের সম্পৃক্ত হয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বলেন, দেশব্যাপী চলমান ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে রাবিপ্রবিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি পরিচ্ছন্নতার ক্ষেত্রে একটি মডেল ক্যাম্পাসে পরিণত হবে।
তিনি বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যানের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘এক শিক্ষার্থী, এক বৃক্ষ’ কর্মসূচি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে একটি ন্যাচার ক্লাব গঠনের প্রস্তাবও দেন।
উদ্বোধন শেষে ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর ক্যাম্পাসের বিভিন্ন ভবন, লাইব্রেরি ও ক্যান্টিন এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা নিজ হাতে প্লাস্টিক বোতল, পলিথিন ও অন্যান্য বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী তিন মাসব্যাপী এ কার্যক্রম বিশ্ববিদ্যালয়ে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



















